উচ্চ আদালত থেকে আপিলে রায় পেয়েছেন আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। হাইকোর্টের এই রায়ের ফলে তার মনোনয়নপত্র জমা নেওয়ার ক্ষেত্রে যে আইনি বাধা ছিল, তা কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে।
এর আগে মনোনয়নপত্র সংক্রান্ত জটিলতার কারণে নির্বাচনী প্রক্রিয়ায় তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তবে আপিল শুনানি শেষে হাইকোর্ট সংশ্লিষ্ট বিষয়ে ইতিবাচক রায় প্রদান করেন। আদালতের এই সিদ্ধান্তকে ন্যায়বিচারের প্রতিফলন হিসেবে দেখছেন হিরো আলম ও তার সমর্থকরা।
সোমবার (১২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রায়ের বিষয়টি নিশ্চিত করেন হিরো আলম। পোস্টে তিনি বলেন, মনোনয়নপত্র জমা নেওয়ার বিষয়ে হাইকোর্ট থেকে আপিলে রায় পেয়েছেন।
এদিকে রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই এই রায়কে স্বাগত জানিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।