ডাকাতি ও হামলায় পাপুয়া নিউগিনির ক্রিকেটারের তিন বছরের জেল

বিদেশ সফরে গিয়ে ছিনতাই ও এক নারীর ওপর হামলার ঘটনায় পাপুয়া নিউ গিনির জাতীয় ক্রিকেটার কিপলিন দোরিগাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে জার্সির রয়্যাল কোর্ট। জার্সিতে অনুষ্ঠিত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের চ্যালেঞ্জ লিগে অংশ নিতে যাওয়া ৩০ বছর বয়সী এই ক্রিকেটার পাপুয়া নিউ গিনি জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান।

গত আগস্টে দোরিগা ডেনমার্ক ও কুয়েতের বিপক্ষে ম্যাচ খেললেও এরপরই তিনি ডাকাতির ঘটনায় জড়িয়ে পড়েন। পুলিশের হাতে আটক হওয়ায় তিনি কেনিয়া ও স্বাগতিক জার্সির বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি।

২৫ আগস্ট রাত আড়াইটার দিকে সেন্ট হিলিয়ারের হিলারি স্ট্রিট দিয়ে হোটেলে ফেরার পথে একজন নারীর ওপর আকস্মিক হামলা চালান দোরিগা। ওই নারীর আঘাতের বিস্তারিত তথ্য না জানালেও পুলিশ জানায়, তাকে দ্রুত গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শেষে পরদিন আনুষ্ঠানিকভাবে ডাকাতির অভিযোগ আনা হয়। দোরিগা আদালতে নিজের অপরাধ স্বীকার করেন।

জার্সির রয়্যাল কোর্ট শুক্রবার তাঁকে তিন বছরের কারাদণ্ড দেয়।

স্টেটস অব জার্সি পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগের ডিটেকটিভ সার্জেন্ট জিম ম্যাকগ্রানাহান বলেন, “ঘটনার পর দ্রুত তদন্ত করা হয়েছে। গভীর রাতে একাকী এক নারীর ওপর হামলার অভিযোগের পর আমরা দ্রুত দোরিগাকে শনাক্ত, গ্রেপ্তার এবং চুরি হওয়া সম্পত্তি উদ্ধার করি। নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা দমনে আমরা কার্যক্রম অব্যাহত রাখব।”

পাপুয়া নিউ গিনির হয়ে এখন পর্যন্ত ৩৯ ওয়ানডে ও ৪৩ টি-টোয়েন্টি খেলেছেন দোরিগা। দুই সংস্করণ মিলিয়ে তাঁর সংগ্রহ ১০৮৯ রান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *