ক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জননায়গন’ ঘিরে দর্শক উন্মাদনা এখন তুঙ্গে। অগ্রিম টিকিট বিক্রি ও সদ্য মুক্তি পাওয়া ট্রেলার সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে মুক্তির নির্ধারিত সময় ঘনিয়ে এলেও বড় আইনি জটিলতায় পড়েছে সিনেমাটি। এখনো সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর চূড়ান্ত ছাড়পত্র পায়নি ছবিটি।
আগামী ৯ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা থাকলেও সেন্সর জটিলতার কারণে সব জায়গায় অগ্রিম টিকিট বুকিং শুরু করা যায়নি। জানা গেছে, মঙ্গলবার দুপুরে মাদ্রাজ হাইকোর্টে সিনেমাটির প্রযোজকদের করা আবেদন শুনানি হবে। তামিল সংস্করণের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত অন্য ভাষার সংস্করণগুলোর মুক্তিও আটকে রয়েছে।
পরিচালক এইচ বিনোথের এই সিনেমায় বিজয়কে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। ট্রেলারে পরিবার, দেশপ্রেম, রাজনীতি ও শক্তিশালী অ্যাকশন দৃশ্য দর্শকের দৃষ্টি কেড়েছে। বিশেষ করে রাজনৈতিকদের বিরুদ্ধে বিজয়ের সংলাপ ব্যাপক আলোচনা তৈরি করেছে।
মুক্তির আগেই বক্স অফিসে রেকর্ড গড়েছে ‘জননায়গন’। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী প্রি-সেল ছাড়িয়েছে প্রায় ৩৫ কোটি টাকা। মালয়েশিয়া, নর্থ আমেরিকা ও যুক্তরাজ্যে অগ্রিম টিকিট বিক্রি নজরকাড়া।
এদিকে ট্রেলারে মিলিসেকেন্ডের জন্য ভেসে ওঠা একটি গুগল জেমিনি এআই লোগো নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সব মিলিয়ে আদালতের অনুমতি পেলেই মুক্তির অপেক্ষায় রয়েছে বহুল প্রতীক্ষিত ‘জননায়গন’।