বহু বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। দেশে ফেরার প্রাক্কালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন জাইমা রহমান।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে বেগম খালেদা জিয়ার সঙ্গে শৈশবের একটি ছবি প্রকাশ করেন তিনি। পোস্টটি বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়।
পোস্টে জাইমা রহমান লিখেছেন, দাদুকে নিয়ে তার সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটি হলো—পরিবারের একজন অভিভাবক হিসেবে বেগম খালেদা জিয়ার মমতাময়ী ভূমিকা। এগারো বছর বয়সে স্কুল ফুটবল টুর্নামেন্টে মেডেল জয়ের পর দাদুর কাছে গিয়ে নিজের সাফল্যের গল্প শোনানোর কথা তুলে ধরেন তিনি। সে সময় খালেদা জিয়া মনোযোগ দিয়ে তার কথা শুনেছিলেন এবং গর্বের সঙ্গে সেই গল্প অন্যদের কাছেও বলতেন বলে উল্লেখ করেন জাইমা।
তিনি লেখেন, লাখো মানুষের কাছে বেগম খালেদা জিয়া ছিলেন দেশের প্রধানমন্ত্রী, আর তাদের কাছে তিনি ছিলেন পরিবারের ‘দাদু’। পরিবারকে সময় দেওয়া, খেয়াল রাখা এবং ছোট ছোট মুহূর্তে সাহস জোগানো থেকেই তিনি নেতৃত্বের প্রথম শিক্ষা পেয়েছেন বলে উল্লেখ করেন জাইমা রহমান।
দীর্ঘ প্রবাসজীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি লেখেন, বিদেশে কাটানো সতেরো বছর তার জীবনকে বাস্তববাদী ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন করেছে, তবে হৃদয়-মন সব সময় বাংলাদেশেই ছিল। আইন পেশায় কাজ করার অভিজ্ঞতা মানুষকে কাছ থেকে বোঝার সুযোগ করে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
জাইমা রহমান আরও লেখেন, দেশে ফেরা তার জন্য আবেগ ও অনুভূতির এক অনন্য সংমিশ্রণ। দেশে ফিরে তিনি বেগম খালেদা জিয়ার পাশে থাকতে চান এবং তার বাবাকে সর্বাত্মক সহায়তা করতে চান। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের মানুষের সঙ্গে সরাসরি কথা বলা এবং বাংলাদেশকে নতুন করে জানা তার প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি।
পোস্টের শেষাংশে জাইমা রহমান বলেন, তার পরিবারকে ঘিরে মানুষের কৌতূহল ও প্রত্যাশা রয়েছে—সেই প্রত্যাশা পূরণের দায়বদ্ধতাও তারা অনুভব করেন। নিজের জীবনের গল্প তুলে ধরে তিনি আশা প্রকাশ করেন, সবার গল্পকে ধারণ করে একসঙ্গে সামনে এগিয়ে যাওয়াই হবে ভবিষ্যতের পথ।