শেষ বাঁশি বাজার আগমুহূর্ত পর্যন্ত চলেছে হিসাব-নিকাশ। একসঙ্গে চলা ম্যাচগুলোর প্রতিটি গোল যেন নতুন করে লিখেছে পয়েন্ট টেবিলের গল্প। চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ রাতে কোথাও আনন্দের উল্লাস, কোথাও নেমে এসেছে হতাশার ছায়া। নাটকীয় এই রাতেই নিশ্চিত হয়েছে সেরা আট দলের নাম, আবার ইউরোপের কয়েকটি পরাশক্তির জন্য শুরু হয়েছে আরও কঠিন পথচলা।
শেষ রাউন্ড শুরুর আগে সরাসরি শেষ ষোলো নিশ্চিত ছিল মাত্র দুটি দল—আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। বুধবারের ম্যাচডে শেষে সেই তালিকা পূর্ণ হয়েছে। লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি ও ম্যানচেস্টার সিটি নিজেদের জায়গা করে নিয়েছে সেরা আটে। ফলে এই আট দলই খেলবে সরাসরি শেষ ষোলোতে।
জয়ের ধারাবাহিকতায় ছিল বায়ার্ন মিউনিখও। পিএসভি আইন্দহোভেনের মাঠে ২–১ ব্যবধানে জয় তুলে নিয়ে জার্মান জায়ান্টরা নিশ্চিত করেছে নিজেদের অবস্থান।
অন্যদিকে নাটকীয় পতনের শিকার হয়েছে রিয়াল মাদ্রিদ। তৃতীয় স্থান থেকে শেষ রাউন্ডে নামা ১৫ বারের ইউরোপসেরা বেনফিকার বিপক্ষে ৪–২ গোলে হেরে নেমে গেছে নবম স্থানে। ফলে এবার রেকর্ড চ্যাম্পিয়নদের খেলতে হবে প্লে-অফে।
বিদায়ের কিনারায় দাঁড়িয়েও অবিশ্বাস্যভাবে টিকে গেছে বেনফিকা। যোগ করা সময়ের অষ্টম মিনিটে গোলরক্ষকের করা গোলে গোল ব্যবধানে এগিয়ে থেকে তারা প্লে-অফ নিশ্চিত করে। জোসে মরিনিয়োর দলও শেষ ষোলোতে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে।
৩৬ দলের এই আসরে নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো খেলবে দুই লেগের প্লে-অফ। সেখান থেকে জয়ী আট দল পূরণ করবে শেষ ষোলোর বাকি আটটি জায়গা।
গত মৌসুমের চ্যাম্পিয়ন পিএসজি সরাসরি শেষ ষোলোতে উঠতে পারেনি। শেষ ম্যাচে ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১–১ ড্র করে তারা অবস্থান করছে ১১ নম্বরে। ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, জুভেন্টাস ও আতালান্তার মতো শক্তিশালী দলগুলোকেও যেতে হচ্ছে প্লে-অফের কঠিন পরীক্ষায়।
অন্যদিকে আগেই বিদায় নিশ্চিত হওয়া কয়রাত আলমাতি, ভিয়ারিয়াল, স্লাভিয়া প্রাহা ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে শেষ দিনে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে মার্সেই, পাফোস, ইউনিয়ঁ সাঁ-জিলোয়া, পিএসভি আইন্দহোভেন, আথলেতিক বিলবাও, নাপোলি, কোপেনহেগেন ও আয়াক্স।