ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মধ্যরাতে ডিবির একটি দল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিবির পক্ষ থেকে গ্রেপ্তারের বিষয়টি থানাকে জানানো হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়ের করা একাধিক মামলায় শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে দুই শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এর মধ্যে শুধু ধানমন্ডি থানাতেই শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। পরবর্তীতে শামীমা নাসরিন ২০২২ সালের এপ্রিলে এবং মোহাম্মদ রাসেল একই বছরের ডিসেম্বরে জামিনে মুক্তি পান।
সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।