বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় গেলে দেশে বেকার ভাতা চালু করা হবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন দলের যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আগামীতে বিএনপির সরকার গঠন হলে দেশে কেউ বেকার থাকবে না।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন। এ্যানি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে দেশে কর্মসংস্থান সৃষ্টি ও বিদেশে নতুন শ্রমবাজার নিশ্চিত করা হবে। বাংলাদেশকে মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড় করানোই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে গণমানুষের নেতা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিলেন। এরপর বেগম খালেদা জিয়াও মধ্যপ্রাচ্যে শ্রমবাজার বিস্তারের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছিলেন।
খালেদা জিয়ার ত্যাগের কথা উল্লেখ করে এ্যানি বলেন, “বেগম জিয়া এক দিনে আপসহীন নেত্রী হননি। এর পেছনে রয়েছে অসংখ্য নির্যাতন, মামলা ও কারাবরণ। তিনি বর্তমানে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তার সুস্থতা এখন জাতির প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “খালেদা জিয়া বেঁচে থাকা মানেই গণতন্ত্র শক্তিশালী থাকা। তিনি আমাদের মনোবল, আমাদের সাহস। তার শক্তিকে সঙ্গে নিয়েই আমরা মাঠে কাজ করছি।”
নারীর ক্ষমতায়ন ও রাজনৈতিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে এ্যানি বলেন, “বর্তমান প্রজন্মের নারীরা দেশের নেতৃত্ব দিচ্ছেন। বাসায় বসেও আয় করার সুযোগ তৈরি হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে নারীদের অধিকার নিশ্চিত করা হবে।”
বৈঠকে তিনি আরও আহ্বান জানান ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে মা-বোনদের ঘরে ঘরে গিয়ে সমর্থন আদায় করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমেই পরিবর্তন আসবে বলে মন্তব্য করেন তিনি।