লোহাগাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে রিদুয়ানুল হক (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল চারটার দিকে দুর্ঘটনা ঘটে এবং রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত রিদুয়ানুল উপজেলার নালারকুল এলাকার আজিজুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, দিনমজুর রিদুয়ানুল আরেকজনকে নিয়ে মোটরসাইকেলে করে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথে আবদুল খালেক শাহ ঘাটা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা লাগে। এতে রিদুয়ানুল ও তাঁর সঙ্গে থাকা মো. মুকিত গুরুতর আহত হন। পথচারীরা তাঁদের উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিদুয়ানুলের মৃত্যু হয়।

পুটিবিলা ইউপি সদস্য আবদুল রশিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত মুকিত শঙ্কামুক্ত।

লোহাগাড়া থানার উপপরিদর্শক জাহেদ হোসেন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *