টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল ও ‘আয়নাঘর’-এ গুম–নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় সেনাবাহিনীর ১৩ কর্মকর্তাকে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে আনে পুলিশ। আদালত চত্বরে র্যাব, পুলিশ, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে।
আজ ট্রাইব্যুনাল–১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে মামলাদুটির ওপর শুনানি অনুষ্ঠিত হবে। এদিন হাজির আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ফেরতসংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন এবং পলাতক আসামি শেখ হাসিনা, তারেক সিদ্দিকী ও আসাদুজ্জামান খানের জন্য স্টেট ডিফেন্স নিয়োগের সিদ্ধান্ত হতে পারে।
এর আগে ২০ নভেম্বর নির্ধারিত শুনানি পেছানো হলে আজকের দিন ধার্য করা হয়। এরও আগে ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল সেনাবাহিনীর আরও ১০ কর্মকর্তাকে। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
টিএফআই সেলে নির্যাতন ও গুম–খুনের অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদসহ র্যাব ও সেনাবাহিনীর কয়েকজন সাবেক কর্মকর্তা।
এ ছাড়া ‘আয়নাঘর’-এ গুমের অভিযোগে দায়ের হওয়া মামলায় ১৩ জনকে আসামি করা হয়েছে, যেখানে শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীর নামও রয়েছে। মামলায় ডিজিএফআই, র্যাব ও সেনাবাহিনীর কয়েকজন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।
দুই মামলায় বর্তমানে কারাবন্দি ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। আজকের শুনানিতে তাদের আনুষ্ঠানিক হাজিরা গ্রহণ ও পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।