সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক সাত্তার আহত হয়েছেন। তিনি জানান, “আমি ঘুমিয়ে ছিলাম, হঠাৎ আগুন দেখে জানালা দিয়ে লাফিয়ে পড়ি। তখন দেখি চারজন হেলমেট পরা ব্যক্তি দুইটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার দিলে তারা ফাঁকা মাঠে গুলি ছুড়ে পালিয়ে যায়।”
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসের ভেতরের সবকিছু পুড়ে গেছে, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাসের মালিক মোহাম্মদ সোহেল বলেন, “আমার একমাত্র উপার্জনের মাধ্যম ছিল এই বাসটি। যারা এভাবে আমার ক্ষতি করেছে, তাদের বিচার চাই। পাশাপাশি সরকারের কাছে ক্ষতিপূরণের আবেদন করছি।”
এদিকে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার প্রতিক্রিয়া জানা যায়নি।