রাজধানীর মেট্রো রেল যাত্রীর জন্য আরও সহজ সেবা চালু হলো—এবার থেকে স্টেশনের লাইনে দাঁড়ানো ছাড়াই অনলাইনে রিচার্জ করা যাবে র্যাপিড পাস বা এমআরটি পাসে।
আজ মঙ্গলবার সকালে আগারগাঁও মেট্রো স্টেশনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন এ সেবা উদ্বোধন করেন।
সেবা নিতে হলে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। প্রতিবারে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫০০০ টাকা রিচার্জ করা যাবে। রিচার্জ বাতিল করতে হলে ৭ দিনের মধ্যে আবেদন করতে হবে, তবে ৫ শতাংশ ফি কেটে নেওয়া হবে।
রাজধানীর ১৬টি মেট্রো স্টেশনে মোট ৩২টি এভিএম মেশিন বসানো হয়েছে অনলাইন রিচার্জ যাচাই করার জন্য। নিয়ম অনুযায়ী, অনলাইন রিচার্জে অতিরিক্ত পেমেন্ট গেটওয়ে ফি প্রযোজ্য হবে। রিচার্জ করা টাকা তিন মাস পর্যন্ত ‘অপেক্ষমাণ’ অবস্থায় থাকবে। নির্ধারিত সময়ে কার্ড এভিএম-এ ট্যাপ না করলে টাকা স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টে ফেরত যাবে, তবে ১০ শতাংশ সার্ভিস চার্জ কেটে রাখবে কর্তৃপক্ষ।
গ্রাহক চাইলে সাত দিনের মধ্যে রিফান্ড নিতে পারবেন, তখনও ৫ শতাংশ ফি কেটে নেওয়া হবে। এই নতুন সুবিধা মেট্রো ব্যবহারকারীদের সময় বাঁচাবে এবং যাত্রাকে আরও সহজ করে তুলবে।