দীর্ঘদিন পর ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি ভক্তদের জন্য ‘গোলাপ’ নিয়ে হাজির হচ্ছেন পর্দায়। যদিও সিনেমাটি নির্মাণের কথা ছিলো আরো ১১ মাস আগে থেকেই, তবে নানা জটিলতায় পিছিয়ে গিয়েছিলো গোলাপ সিনেমার শুটিং।
কিন্তু সম্প্রতি সিনেমাটির নির্মাতা সামছুল হুদা জানিয়েছেন, বহুদিনের অপেক্ষার পর ‘গোলাপ’ এবার সত্যিই আসছে ক্যামেরার সামনে। সিনেমায় চিত্রনায়িকা পরীমণির বিপরীতে অভিনয় করবেন অভিনেতা নিরব।
জানা যায়, শুটিং পিছিয়ে যাওয়ার নেপথ্যে ছিল গল্প সংশ্লিষ্ট জটিলতা। গল্পের কয়েকটি অংশে পরিবর্তনের প্রয়োজন ছিল, যা নিয়ে দীর্ঘ আলোচনার পর অবশেষে সমস্যা কাটিয়ে গল্পটি নতুনভাবে সাজানো হয়েছে।
ছোট শহরের রাজনৈতিক বাস্তবতা, উত্তেজনা আর রহস্যকে কেন্দ্র করে নির্মিত হবে ‘গোলাপ’। পরিকল্পনা অনুযায়ী সব ঠিকমতো এগোলে নতুন বছরের ফেব্রুয়ারিতেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।