ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের সামনে সহিংস বিক্ষোভ ও ভিসা সেন্টারে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ঢাকা।
মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়। একই সঙ্গে ঘটনাগুলোর নিন্দা জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও হাইকমিশনারের বাসভবনের সামনে সংঘটিত ঘটনা এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে উগ্রপন্থীদের ভাঙচুরের ঘটনায় ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের কূটনৈতিক মিশনের বাইরে সহিংস বিক্ষোভ এবং ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ড কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাকেই ঝুঁকির মধ্যে ফেলছে না, বরং পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সহনশীলতার নীতিকেও ক্ষুণ্ন করছে।
বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, এসব ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে এবং ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে বাংলাদেশ আশা প্রকাশ করেছে, কূটনৈতিক কর্মী ও প্রতিষ্ঠানের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় ভারত সরকার তার আন্তর্জাতিক ও কূটনৈতিক দায়বদ্ধতা অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।