বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ফেনী-১ আসনে বিকল্প প্রার্থী হিসেবে রফিকুল ইসলাম মজনু মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রফিকুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী রেহানা আক্তার রানু।
ফেনী-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়ার বিকল্প হিসেবে রফিকুল ইসলাম মজনুকে মনোনয়নপত্র দাখিল করতে বলা হয়েছে। বেগম খালেদা জিয়া কোনো কারণে নির্বাচনে অংশ নিতে না পারলে ফেনী-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে রফিকুল ইসলাম মজনু নির্বাচন করবেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক জানান, ফেনী-১ আসনে ১৩ জন, ফেনী-২ আসনে ১৬ জন এবং ফেনী-৩ আসনে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার বিকেল পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়ার কার্যক্রম চলবে।