ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার একটি নির্বাচনি সমাবেশকে কেন্দ্র করে সমর্থকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রুমিন ফারহানার সমর্থকেরা সেখানে একটি নির্বাচনি সমাবেশের আয়োজন করেন। সমাবেশ চলাকালে কার আগে কে প্রার্থীর কাছে যাবে—এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে উভয় পক্ষ ইট-পাথর ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। একপর্যায়ে নিরাপত্তাজনিত কারণে ব্যারিস্টার রুমিন ফারহানা সমাবেশস্থল ত্যাগ করেন। এ ঘটনায় একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।