কিশোরগঞ্জের বাজিতপুরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে তিন শ্রমিককে তিন ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার হিলচিয়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, হিলচিয়া বাজারের পুষ্প প্লাজার দ্বিতীয় তলায় একটি প্রতিষ্ঠানে কাজ করছিলেন শ্রমিক রাসেল আহমেদ, রায়হান চৌধুরী ও সানি আলম। এসময় বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাউছার আহমেদ এবং হিলচিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে ১০-১২ জন সেখানে গিয়ে জোরপূর্বক ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শ্রমিকদের দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও হামলার হুমকি দেওয়া হয়। পরে তাদের জোর করে স্থানীয় একটি স্টুডিওতে নিয়ে প্রায় তিন ঘণ্টা আটকে রাখা হয়। বিকেল ৪টার মধ্যে টাকা না দিলে পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, সাদ্দাম হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত এবং এসব কর্মকাণ্ডের পৃষ্ঠপোষক কাউছার আহমেদ। তাদের বিরুদ্ধে সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর ও ব্যবসায়ীদের নির্যাতনের অভিযোগও রয়েছে।
হিলচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়াজ মামনুর রহমান পুটন বলেন, “তারা সেখানে গিয়েছিল, এটা সত্য। তবে কাউছারের ভাই বলেছেন, তারা কাজ চাইতে গিয়েছিল। কিন্তু শ্রমিকরা আমাদের জানিয়েছে, তাদের চাঁদা দিতে বলা হয়েছিল।”
চাঁদা দাবি ও অবরুদ্ধের বিষয়ে জানতে কাউছার আহমেদ ও সাদ্দাম হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।
বাজিতপুর থানার দায়িত্বশীল কর্মকর্তা জানান, “ঘটনার লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”