বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করেছে দলটি। এ উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা মঞ্চ নির্মাণকাজ শুরু হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর থেকে বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের একটি অংশজুড়ে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। বিএনপি নেতারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে কমিটির সদস্যরা দিনরাত কাজ করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছে বনানী-কাকলী হয়ে ৩০০ ফিট এলাকায় যাবেন তারেক রহমান। সেখানে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বক্তব্য দেবেন।
এদিকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের লিখিত অনুমতি পেয়েছে বিএনপি। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার রাত সাড়ে ৮টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে অনুমতিপত্র পাঠান ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন শেষে তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন। বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তিনি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। ফ্লাইটটির ঢাকায় অবতরণের সময় নির্ধারণ করা হয়েছে বেলা ১১টা ৫৫ মিনিট।
সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে আহ্বায়ক এবং রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করে একটি সংবর্ধনা কমিটি গঠন করা হয়েছে। বিএনপি নেতারা জানান, তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে এবং বিমানবন্দরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে সর্ববৃহৎ গণসংবর্ধনার আয়োজন করা হচ্ছে। দেশজুড়ে বাস, ট্রেন ও লঞ্চযোগে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় আসার প্রস্তুতি চলছে। জনদুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।