ক্রান্তিকালে জাতি, গণতন্ত্রে উত্তরণের পথ খুঁজছি আমরা: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্রান্তিকালে পৌঁছেছে জাতি, গণতন্ত্রে উত্তরণের পথ খুঁজছি আমরা।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে গত শনিবার (২৬ জুলাই) তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, রাজনৈতিক শূন্যতা ও অর্থনৈতিক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এ থেকে বেরিয়ে মানুষের কল্যাণ কিভাবে করা যায় তা ভাবছে বিএনপি।

বর্তমান প্রেক্ষাপটে সংস্কারের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে গণতন্ত্রে ফিরে যাওয়া রাতারাতি সম্ভব নয় উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘বললেই সংস্কার হয় না, এটা করতে হবে প্রক্রিয়ার মধ্য দিয়ে। চাইলেই পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করবে এভাবে সম্ভব নয়, সিস্টেম পরিবর্তন করতে হবে।’

তিনি বলেন, বিএনপি নির্বাচন কেনো চায় সেটা বোঝা উচিত। বিভিন্ন রাজনৈতিক দল পিআর নির্বাচন চায়, কিন্তু সাধারণ মানুষতো সেটা বোঝেই না।

মির্জা ফখরুল বলেন, বিদেশ থেকে ভাড়া করা ব্যক্তিদের দিয়ে দেশ চালানো যায় না, প্রয়োজন নির্বাচিত সরকারের।

সবশেষ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি করলে সবার আগে সৎ হতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *