মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ৪৭৪ শতাংশ জমিসহ তিনটি সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালতের আদেশ অনুযায়ী, জব্দকৃত সম্পত্তির মধ্যে রয়েছে, মহাখালী ডিওএইচএসে ২,৫০০ বর্গফুট জমির ওপর নির্মিত পাঁচতলা আবাসিক ভবন, মানিকগঞ্জে পৈত্রিক সূত্রে প্রাপ্ত দোতলা একটি বাড়ি ও মানিকগঞ্জ সদরে ২,১০৯ বর্গফুট আয়তনের চারতলা ভবন, যেখানে মমতাজের চক্ষু হাসপাতাল রয়েছে।
দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক জানান, মমতাজ এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। অনুসন্ধান চলমান থাকায় ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং স্থাবর সম্পত্তি জব্দ করা প্রয়োজন ছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মমতাজ আত্মগোপনে ছিলেন। গত বছরের ১৩ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।