বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা ধানুশ ও ম্রুণাল ঠাকুরের বিয়ের গুঞ্জন ঘিরে বিনোদন অঙ্গনে তুমুল আলোচনা চলছে। বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে, ভালোবাসা দিবসেই চার হাত এক হতে পারে এই দুই তারকার। তবে এমন গুঞ্জনের মধ্যেই নীরবতা ভেঙে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন ম্রুণাল।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন ম্রুণাল ঠাকুর। ভিডিওতে দেখা যায়, একটি নৌকার ওপর দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন তিনি। পোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, ‘স্থির, উজ্জ্বল ও অটল’। এই ক্যাপশন ঘিরে ভক্তদের মাঝে নানা প্রশ্ন তৈরি হয়েছে। অনেকের ধারণা, চারপাশের গুঞ্জন তাকে মোটেও বিচলিত করছে না—এই বার্তাই দিতে চেয়েছেন অভিনেত্রী।
তবে বিয়ের গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ম্রুণালের ঘনিষ্ঠ একটি সূত্র। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ওই সূত্রের বরাতে বলা হয়েছে, আগামী মাসে ম্রুণালের বিয়ের কোনো পরিকল্পনাই নেই। কারণ ফেব্রুয়ারিতে তার একটি বড় বাজেটের সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি মার্চ মাসেই মুক্তি পেতে যাচ্ছে তার একটি তেলুগু চলচ্চিত্র।
বর্তমানে ম্রুণাল অভিনেতা সিদ্ধার্থ চতুর্বেদীর সঙ্গে ‘দো দিওয়ানে শেহের মে’ সিনেমার কাজ ও প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পেশাগত জীবনের এমন গুরুত্বপূর্ণ সময়ে বিয়ের মতো বড় সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে প্রায় অসম্ভব বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে, ধানুশও সংবাদমাধ্যমে এই বিয়ের খবরকে ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে ম্রুণালের ‘সন অব সর্দার টু’ সিনেমার প্রিমিয়ারে ধানুশের উপস্থিতির পর থেকেই মূলত এই বিয়ের গুঞ্জনের সূত্রপাত। ৪২ বছর বয়সী ধানুশ ও ৩৩ বছর বয়সী ম্রুণালের বয়সের ব্যবধান নিয়েও নেটদুনিয়ায় কম আলোচনা হয়নি।