ইন্দোনেশিয়ার পশ্চিম ও উত্তর সুমাত্রা এবং আচেহ প্রদেশে তীব্র বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ২০০–তে পৌঁছেছে। পশ্চিম সুমাত্রার আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব জানিয়েছেন, এখন পর্যন্ত পশ্চিম সুমাত্রায় ৬১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে, নিখোঁজ আছেন ৯০ জন।
সরকারি হিসাব অনুযায়ী, উত্তর সুমাত্রায় অন্তত ১১৬ জন এবং আচেহ প্রদেশে আরও কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেশী মালয়েশিয়া ও থাইল্যান্ডেও একই সময়ে ভারি বর্ষণে প্রাণহানির ঘটনা ঘটেছে।
জুন থেকে সেপ্টেম্বরের বর্ষাকালে ইন্দোনেশিয়ায় বন্যা, ভূমিধস ও পানিবাহিত রোগের আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। সাম্প্রতিক কয়েক দিনের শক্তিশালী মৌসুমি ঝড় পরিস্থিতি আরও অবনতির দিকে ঠেলে দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্ষাকাল দীর্ঘ হচ্ছে, বৃষ্টিপাতের মাত্রা বাড়ছে এবং আকস্মিক বন্যার ঝুঁকিও বেড়েছে। চলতি মাসেই মধ্য জাভায় ভারি বৃষ্টিপ্রবাহজনিত ভূমিধসে ৩৮ জন নিহত এবং ১৩ জন নিখোঁজ হয়েছেন।