দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার সংক্ষিপ্ত বৈঠক হয়। প্রধানমন্ত্রী টোবগে শুক্রবারের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পরে তাকে অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয়, যেখানে ১৯ বার তোপধ্বনি ও গার্ড অব অনার দেওয়া হয়।
বিমানবন্দর আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর বিকেলে তিনি পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।
বিকেল ৩টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যায় প্রধানমন্ত্রী টোবগের সম্মানে আয়োজিত সরকারি ভোজসভায় তিনি যোগ দেবেন।