বৈশ্বিক বায়ুদূষণ পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। শীতকালীন শুষ্ক আবহাওয়ার প্রভাবে মেগাসিটি ঢাকার বায়ুমান ফের ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে। আজ বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার একিউআই স্কোর ছিল ২০৮। এই স্কোর একিউআই মানদণ্ড অনুযায়ী ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। গতকাল শুক্রবার ঢাকার স্কোর ছিল ১৮৬। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানীর বায়ুদূষণের মাত্রা আরও বেড়েছে।
আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, ৩৩২ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে মিশরের কায়রো। ভারতের রাজধানী দিল্লি ২৩৫ স্কোর নিয়ে দ্বিতীয় এবং পাকিস্তানের লাহোর ২১৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। ঢাকাসহ তালিকার শীর্ষ চারটি শহরের বায়ুমানই ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
তালিকার অন্যান্য শহরের মধ্যে ১৯৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটার, ১৮৬ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে ভিয়েতনামের হ্যানয় এবং ১৭৪ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে ভারতের কলকাতা। এছাড়া ১৬৫ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে আফগানিস্তানের কাবুল, ১৬২ স্কোর নিয়ে নবম অবস্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন এবং ১৬০ স্কোর নিয়ে দশম অবস্থানে রয়েছে চীনের বেইজিং।
একিউআই মানদণ্ড অনুযায়ী শূন্য থেকে ৫০ স্কোরকে ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর হলে বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে এমন বায়ুমান জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের বাইরে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।