বলিউড অভিনেতা আমির খান বয়সের ছাপ মুছে নতুন লুকে ভক্তদের চমকে দিয়েছেন। প্রায় ৬০ বছরে পা রাখলেও কোনো ধরনের জিম বা ব্যায়াম ছাড়াই ১৮ কেজি ওজন কমিয়েছেন তিনি।
নতুন এই রূপান্তর নিয়ে নেটদুনিয়ায় চলছে আলোচনা। তবে আমির খানের এই পরিবর্তনের পেছনে শরীরচর্চা নয়, মূল ভূমিকা রেখেছে বিশেষ খাদ্যাভ্যাস।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানান, তিনি ‘প্রদাহ-বিরোধী খাদ্যাভ্যাস’ অনুসরণ করেছেন। তবে ওজন কমানো তার মূল লক্ষ্য ছিল না। দীর্ঘদিন ধরে ভোগানো মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি পেতেই এই খাদ্যাভ্যাস শুরু করেন তিনি।
আমির খান বলেন, মাইগ্রেনের চিকিৎসার অংশ হিসেবেই আমি এই ডায়েট শুরু করি। পরে লক্ষ্য করি, ধীরে ধীরে ১৮ কেজি ওজন কমে গেছে। বর্তমানে আমার মাইগ্রেনের সমস্যাও অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।
পুষ্টিবিদদের মতে, শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরি হলে ইনসুলিন ও লেপটিন হরমোনের কার্যকারিতা ব্যাহত হয়, যা মেদ জমার অন্যতম কারণ। অতিরিক্ত চিনি, প্রক্রিয়াজাত খাবার ও মানসিক চাপ এই প্রদাহ বাড়িয়ে তোলে। প্রদাহ-বিরোধী খাদ্যাভ্যাস শরীরের অতিরিক্ত মেদ কমাতে সহায়ক।
এই ডায়েট অনুসরণ করতে গিয়ে আমির খান সম্পূর্ণভাবে বাদ দিয়েছেন চিনিযুক্ত পানীয়, প্যাকেটজাত জুস, পরিশোধিত তেল, ফাস্ট ফুড, প্রক্রিয়াজাত মাংস, দুগ্ধজাত খাবার এবং সাদা চাল ও ময়দা দিয়ে তৈরি খাদ্য। ঘরোয়া ও স্বাস্থ্যকর খাবারেই অভ্যস্ত হয়েছেন তিনি।
এর আগে একই পদ্ধতিতে ওজন কমিয়ে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী বিদ্যা বালান।