যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কে ইতিহাস গড়লেন জোহরান মামদানি। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এই মুসলিম রাজনীতিক শহরটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ৮৪ লাখেরও বেশি জনসংখ্যার এই শহরের নেতৃত্ব পাওয়ার মধ্য দিয়ে তিনি নতুন ইতিহাস রচনা করেছেন। ৩৪ বছর বয়সী মামদানি একই সঙ্গে নিউইয়র্কের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম ব্যক্তি যিনি এই পদে অধিষ্ঠিত হলেন।
নির্বাচনী প্রচারণায় জোহরান মামদানি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকারি বাসের ভাড়া বিনামূল্যে করা হবে, শিশুদের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করা হবে এবং এসব উদ্যোগের জন্য ধনীদের ওপর কর বাড়ানো হবে। সামাজিক ন্যায়বিচার ও জীবনযাত্রার ব্যয় কমানোর মতো বাস্তব ইস্যুতেই তিনি ভোটারদের মন জয় করেছেন।
মামদানি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে আসছেন। সমর্থকদের মতে, তার জয় শুধু ধর্মীয় বা জাতিগত পরিচয়ের নয়, বরং প্রগতিশীল মূল্যবোধ ও পরিবর্তনের রাজনীতির প্রতিফলন।
বিশ্লেষকদের ভাষায়, জোহরান মামদানির বিজয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন প্রজন্মের নেতৃত্ব ও প্রগতিশীল দৃষ্টিভঙ্গির উত্থানের প্রতীক হয়ে উঠেছে।