সিরাজগঞ্জের আলোচিত নারী সালেহা বেগম (স্থানীয়ভাবে পরিচিত ‘সালে পাগলী’) আর নেই। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় জানাজা শেষে তাঁকে সিরাজগঞ্জ শহরের কান্দাপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ অবস্থায় প্রথমে সালেহা বেগমকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁর লিভার ক্যান্সার শনাক্ত করেন।
সিরাজগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাহরিয়ার শিপু জানান, “সালে পাগলী দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। গতকাল মারা গেছেন, আজ জানাজা শেষে দাফন করা হয়েছে। তাঁর জমানো টাকা ইসলামি শরিয়ত মোতাবেক ভাগ করা হবে।”
প্রসঙ্গত, সম্প্রতি সালেহা বেগমের বসতঘর থেকে দুই দিনের ব্যবধানে তিন বস্তা টাকা উদ্ধার করে এলাকাবাসী। সেখানে ব্যবহারযোগ্য টাকার পরিমাণ ছিল ১ লাখ ৭৪ হাজার ৭৯ টাকা। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।