ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে গত প্রায় চার মাসে ধারাবাহিক সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও কোস্টগার্ড। এসব অভিযানে কমপক্ষে ১২৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড (ইউএস সাউদার্ন কমান্ড)।
সোমবার (২৬ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত মোট ৩৬ দফা অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে নিহত ১২৬ জনের মধ্যে ১১৬ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১০ জনের লাশ সাগরে ভেসে গেলেও তারা যে মার্কিন অভিযানে নিহত হয়েছেন, তা নিশ্চিত করেছে দক্ষিণাঞ্চলীয় কমান্ড।
বিবৃতিতে আরও বলা হয়, নিহতদের মধ্যে অন্তত আটজন মার্কিন হামলা থেকে বাঁচতে নৌযান বা ছোট জাহাজ থেকে সাগরে ঝাঁপ দিয়েছিলেন। পরবর্তীতে তারাও প্রাণ হারান বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সাগরপথে মাদক পাচার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ার অভিযোগ তুলে গত সেপ্টেম্বর ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে ‘মাদকবাহী’ নৌযানের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নির্দেশনার পরপরই ওই অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করে মার্কিন নৌবাহিনী ও কোস্টগার্ড।
ট্রাম্প প্রশাসনের দাবি অনুযায়ী, মেক্সিকো ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ মাদক ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত সাগরপথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। এসব পাচার কার্যক্রমে জড়িত অপরাধী গ্যাংগুলোর পেছনে দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের শাসকগোষ্ঠীর প্রত্যক্ষ ও পরোক্ষ পৃষ্ঠপোষকতা রয়েছে বলেও অভিযোগ তোলা হয়।
এরই ধারাবাহিকতায় গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে রাজধানী কারাকাসের সরকারি বাসভবন থেকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের এই অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে। সমালোচকদের দাবি, বর্তমানে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বিপজ্জনক ও বহুল ব্যবহৃত মাদক ফেন্টানিল, যার কাঁচামাল মূলত চীন ও ভারত থেকে আসে এবং স্থলপথে মেক্সিকো সীমান্ত হয়ে দেশটিতে প্রবেশ করে। ফলে সামুদ্রিক রুটকে কেন্দ্র করে চালানো এই অভিযান বাস্তব সমস্যার সমাধান নয় বলেও মত দিয়েছেন বিশ্লেষকরা।