ফুটবলের অনূর্ধ্ব–২০ বিশ্ব আসরে রূপকথা লিখে ইতিহাস গড়ল মরক্কো। চিলির সান্তিয়াগো ন্যাশনাল স্টেডিয়ামে ফাইনালে আর্জেন্টিনাকে ২–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে আফ্রিকার এই উদীয়মান শক্তি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মরক্কোর তরুণরা। ১২তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ইয়াসির জাবিরি। এরপর ২৯তম মিনিটে ওথমান মামার নিখুঁত পাস থেকে নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন তিনিই।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে। একের পর এক আক্রমণেও মরক্কোর রক্ষণভাগ আর গোলরক্ষকের দেয়াল ভাঙতে ব্যর্থ হয় ছয়বারের চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ২–০ গোলেই জয় তুলে নেয় ‘অ্যাটলাস কাবস’ নামে পরিচিত মরক্কোর অনূর্ধ্ব–২০ দল।
এর আগে সেমিফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে প্রথমবার ফাইনালে উঠেছিল মরক্কো। অন্যদিকে কলম্বিয়াকে ১–০ গোলে হারিয়ে নবমবারের মতো ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। তবে ফাইনালে মরক্কোর জোড়া আঘাতে ভেঙে যায় সপ্তম শিরোপার স্বপ্ন।
এই জয়ের মধ্য দিয়ে ২০০৯ সালের পর প্রথম কোনো আফ্রিকান দল হিসেবে অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ জিতল মরক্কো। সর্বশেষ আফ্রিকান দেশ হিসেবে এই কীর্তি গড়েছিল ঘানা।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কলম্বিয়া ১–০ গোলে ফ্রান্সকে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হয়।
পুরো ম্যাচজুড়ে গ্যালারি মাতিয়ে রেখেছিলেন হাজারো মরক্কো সমর্থক। পতাকা উড়িয়ে, গান গেয়ে ও চিৎকারে তারা দলকে উজ্জীবিত করেছেন। প্রায় দুই দশক পর অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে ফিরে এসে প্রথমবারেই শিরোপা জয়—এই অর্জন মরক্কোর ফুটবলে নতুন অধ্যায় যোগ করল।