নিজস্ব প্রতিনিধি (উজ্জ্বল ভৃঁইয়া) :
সরকারের বিভিন্ন দাবি আদায়ে টানা ৩৬ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। আজ রোববার (৩০ নভেম্বর) এই অবস্থান কর্মসূচির মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন আন্দোলনকারীরা।
দেশ ও জাতির শান্তি–সমৃদ্ধির পাশাপাশি অসুস্থ খালেদা জিয়ার আরোগ্য কামনা করে এই মোনাজাতের আয়োজন করেন প্রতিবন্ধী বিদ্যালয়ের আন্দোলনকারীরা। এই মোনাজাতে নেতৃত্ব দেন আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক ও সংগঠনের সভাপতি ইলিয়াস রাজ।
ইলিয়াস রাজ বলেন, “আমরা টানা ৩৬ দিন ধরে রোদ-বৃষ্টি-শীতে রাস্তায় পড়ে আছি। এখনো পর্যন্ত আমাদের দাবি কেউ গুরুত্ব দেয়নি। তবুও আমরা মানবতার পক্ষে দাঁড়িয়ে আজ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেছি। আমরা চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।”
ইলিয়াস রাজ আরও বলেন, “আমরা দেশের প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করি, অথচ আমরা নিজেরাই আজ মানবেতর জীবন যাপন করছি। আমাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি।”
আন্দোলকৃত শিক্ষকরা জানান, স্বীকৃতি, এমপিওভুক্তি ও চাকরির নিরাপত্তা—এই তিনটি মূল দাবি পূরণের জন্যই তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, অবস্থান কর্মসূচির স্থানে সারাদিনই বিভিন্ন জেলার শিক্ষক–কর্মচারী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা গেছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁরা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।