যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড ও কম্বোডিয়া এক যৌথ ‘শান্তিচুক্তি’ স্বাক্ষর করেছে। শনিবার (২৬ অক্টোবর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে দুই দেশের সাম্প্রতিক উত্তেজনার আনুষ্ঠানিক অবসান ঘটল।
রয়টার্স জানিয়েছে, সম্মেলনে আসিয়ানভুক্ত দেশগুলোর নেতারা আনুষ্ঠানিক নথিতে স্বাক্ষর করেন। একই দিন সম্মেলনে যোগ দিতে ট্রাম্প মালয়েশিয়ায় পৌঁছান, যেখানে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও নৃত্যশিল্পীদের একটি দল তাকে বরণ করে নেয়।
চুক্তি স্বাক্ষরের আগে ট্রাম্প বলেন, “জুলাইয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘর্ষের পর আমাদের প্রচেষ্টায় শান্তি ফিরেছে। আমি বিশ্বাস করি, শান্তিচুক্তি করাতে জাতিসংঘের চেয়েও আমি ভালো কাজ করি।”
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন,
“তার সতর্ক নেতৃত্ব ও অবিরাম প্রচেষ্টা ছাড়া এই শান্তি চুক্তি সম্ভব হতো না।”
তিনি আরও বলেন, “যত জটিলই হোক, বিবাদ শান্তিপূর্ণ উপায়েই সমাধান হওয়া উচিত।”
এদিকে এ সম্মেলনে পূর্ব তিমুরকে আসিয়ানের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা জোটের সম্প্রসারণে নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।