নাটোরে অসীম সরদার (৩৫) নামের এক সাপে কাটা রোগী শুধু নিজেকে নয়, হামলাকারী সাপকেও নিয়ে হাজির হয়েছেন হাসপাতালে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে তিনি নাটোর সদর হাসপাতালে ভর্তি হন।
অসীম সরদার নলডাঙ্গা উপজেলার মোমিনপুর সরদারপাড়ার দিনু সরদারের ছেলে। স্বজনদের বরাতে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে নামতেই ঘরের মেঝেতে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ হঠাৎ তার পায়ে ছোবল মারে। দ্রুত পাশের গর্তে ঢুকে পড়ে সাপটি।
চিৎকার শুনে পরিবার এগিয়ে আসে, পায়ে রক্ত দেখে পরিস্থিতি বুঝে দ্রুত খোঁজাখুঁজি শুরু হয়। পরে গর্ত থেকে সাপটিকে বের করে খাঁচায় আটকে রাখা হয়।
পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকদের সঠিক চিকিৎসা ও সাপের প্রজাতি শনাক্তে সহায়তার জন্য তারা সাপটি সঙ্গে করে হাসপাতালে এনেছেন। বর্তমানে অসীম সদর হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন।
হাসপাতালের নার্স জেসমিন আক্তার বলেন, ‘রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং অ্যান্টিভেনম দেওয়ার প্রস্তুতি চলছে’ ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাহাবুব রহমান জানান, ‘রোগী এখন স্থিতিশীল এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন।’