পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। এসব মামলায় দোষী প্রমাণিত হলে তাঁদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
গত বছর জুলাইয়ের গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ও তাঁর পরিবারের ১০ কাঠা করে প্লট নেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে। পরে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্তে নিশ্চিত হয় যে, ক্ষমতার অপব্যবহার ও মিথ্যা তথ্যের মাধ্যমে এই বরাদ্দ নেওয়া হয়েছিল। এ ঘটনায় শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে দুদক।
দুদকের পাবলিক প্রসিকিউটর সুলতান মাহমুদ বলেন, সাক্ষ্য ও যুক্তিতর্কে আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। ন্যায়বিচারের স্বার্থে আসামিদের সর্বোচ্চ সাজার প্রত্যাশা করছেন তিনি।
আদালত সূত্র জানায়, গত ৩১ জুলাই বিশেষ জজ আদালত-৫–এ তিন মামলার বিচার শুরু হয়। শেখ হাসিনার মামলায় ২৯ জন, জয়ের মামলায় ৩২ জন এবং পুতুলের মামলায় ৩০ জন সাক্ষ্য দেন। আসামিদের মধ্যে জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউকের বেশ কয়েকজন সাবেক কর্মকর্তা রয়েছেন। এদের মধ্যে খুরশীদ আলম একমাত্র আসামি হিসেবে কারাগারে আছেন।
গত ১৭ নভেম্বর আত্মপক্ষ সমর্থনে খুরশীদ আলম নিজেকে নির্দোষ দাবি করেন। অন্য আসামিরা পলাতক থাকায় এ সুযোগ পাননি। গত ২৩ নভেম্বর যুক্তিতর্ক শেষে আজ রায়ের দিন ধার্য করা হয়।
চলতি বছরের ১৪ জানুয়ারি শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করে দুদক।