আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে বৈঠকে তিনি এই অনুরোধ জানান।
প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের গণতান্ত্রিক উত্তরণ এবং আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের সহযোগিতা প্রয়োজন।”
জবাবে কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে আশ্বাস দিয়ে বলেন, কমনওয়েলথ বাংলাদেশকে নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী উত্তরণ প্রক্রিয়ায় পূর্ণ সহায়তা প্রদান করবে। তিনি জানান, কমনওয়েলথের ৫৬টি দেশ যার মধ্যে জি–৭ ও জি–২০ সদস্যও রয়েছে পারস্পরিক সহায়তার মাধ্যমে কার্যকর সমর্থন দিতে সক্ষম।
শার্লি বচওয়ে আরও বলেন, তিনি ইতোমধ্যে প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করেছেন। বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে তিনি আশাবাদী বলেও মন্তব্য করেন।
এদিকে আসন্ন নির্বাচনের আগে কমনওয়েলথ বেশ কয়েকটি পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।