শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ নারী ‘এ’ দলের সাদা বলের বড় সিরিজ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের আগে আগে হওয়ায় সুযোগের সদ্ব্যবহার করতে চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
‘এ’ দলের সফর হলেও পাঠিয়ে দেওয়া হয়েছে জাতীয় দলের মূল ক্রিকেটারদের। বৃষ্টির কারণে ২০ ওভারে নেমে আসা সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দিলারা আক্তার, মুর্শিদা খাতুনরা দারুণ ক্রিকেটও খেলেছে। লঙ্কান নারী ‘এ’ দলকে ৭ উইকেটে হারিয়েছে তারা।
শুরুতে ব্যাট করে শ্রীলঙ্কা নারী ‘এ’ দল ৫ উইকেট হারিয়ে ১১৩ রান তোলে। দলটির হয়ে সাথিয়া সন্দীপনী ৩৬ রান করেন। মাইসা শিহানি খেলেন ২৫ রানের ইনিংস। বাংলাদেশের ফাহিমা খাতুন ১০ রান দিয়ে ২টি এবং রাবেয়া খান ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নেন।
জবাব দিতে নেমে বাংলাদেশ নারী ‘এ’ দল ২ ওভার থাকতে জয় তুলে নেয়। দলের হয়ে দিলারা আক্তার ৩৪ বলে সর্বোচ্চ ৪৭ রান করেন। মুর্শিদা খাতুন ৩৪ বলে ৩০ রান যোগ করেন। নিগার সুলতানা খেলেন ২৪ রানের হার না মানা ইনিংস।