ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনবারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জর্ডান, কুয়েত ও বাহরাইনের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে হাফেজ ত্বকী দেশের জন্য গৌরব বয়ে এনেছিলেন। ২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৬২টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তিনি প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে কুয়েত ও বাহরাইনেও একই কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
হাফেজ ত্বকী মারকাযুত তাহফিজ থেকে হিফজ সম্পন্ন করেন এবং এই প্রতিষ্ঠান থেকেই একাধিকবার জাতীয় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জের একটি মাদরাসায় কিতাব বিভাগে অধ্যয়নরত ছিলেন। তার শিক্ষক ও মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা হাফেজ কারী শায়খ নেছার আহমদ আন-নাছিরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে লাইফ সাপোর্টে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মৃত্যু বরণ করেন।
২০০০ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন হাফেজ ত্বকী। তার বাবা মাওলানা বদিউল আলম একজন মাদরাসা শিক্ষক। তরুণ এই বিশ্বজয়ী হাফেজের অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো দেশ শোকাহত। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
হাফেজ ত্বকী শুধু দেশের নয়, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার মঞ্চেও বাংলাদেশকে গৌরবান্বিত করেছেন এবং তার এই প্রতিভা অনুপ্রেরণা হয়ে থাকবে অনেক শিক্ষার্থী ও হাফেজের জন্য।