চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে আগামী ১৮ এপ্রিল। এ বিষয়ে হজ এজেন্সি ও হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইনসগুলোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।
রোববার ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার স্বাক্ষরিত চিঠি হজ এজেন্সি মালিক ও সংশ্লিষ্ট তিনটি এয়ারলাইনসের কাছে পাঠানো হয়। চিঠিতে জানানো হয়, সৌদি সরকারের নির্দেশনা এবং হজ প্যাকেজ ও গাইডলাইন–২০২৬ অনুযায়ী হজ ফ্লাইট পরিচালনা করতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, এক সার্ভিস কোম্পানির আওতাধীন হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে। পাশাপাশি প্রত্যেক হজ এজেন্সিকে তাদের মোট হজযাত্রীর অন্তত ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে পাঠাতে হবে। প্রথম ও শেষ পর্যায়ে পাঠাতে হবে অবশিষ্ট হজযাত্রীর ৩০ থেকে ৫০ শতাংশ।
তবে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে কোনো এজেন্সির অনুকূলে ৩০ শতাংশের কম কিংবা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না বলে স্পষ্ট করে জানানো হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় জানায়, হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করা এবং সৌদি সরকারের নিয়মকানুন যথাযথভাবে অনুসরণের স্বার্থেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট এজেন্সি ও এয়ারলাইনসগুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে।