রাজধানীর মোহাম্মদপুরে একই বাসা থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে শাহজাহান রোডের একটি আবাসিক ভবনের সপ্তম তলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মালাইলা আফরোজ, বয়স ৪৮, এবং তার মেয়ে নাফিসা বিনতে আজিজ, বয়স ১৫।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনার সঙ্গে বাসার গৃহকর্মী জড়িত। তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি, এবং ঘটনার পর থেকেই তিনি পলাতক।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থল থেকে গলাকাটা অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করা হয়। গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে কাজের উদ্দেশে বের হয়ে যান। পরে দুপুর ১২টার দিকে বাড়িতে ফিরে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।
মেয়ে নাফিসাকে তখনো জীবিত পাওয়া গেলেও হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থলে সংগ্রহ করছে আলামত, তদন্তে যুক্ত হয়েছেন তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। গৃহকর্মীকে গ্রেপ্তারে চলছে অভিযান।