কক্সবাজারে পর্যটক ছিনতাইয়ের ঘটনায় পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তার

কক্সবাজার পৌরসভার সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় এক পর্যটকের ওপর ছিনতাইয়ের ঘটনায় জড়িত পাঁচজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি ছিনতাই করা মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান জানান, গতকাল রবিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় কয়েকজন ছিনতাইকারী সিএনজিচালিত অটোরিকশাযোগে এসে এক পর্যটককে ছুরিকাঘাত করে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর জেলা পুলিশের নির্দেশে সদর মডেল থানার একটি বিশেষ অভিযানিক দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. বাবুল (২৮), সাইফুল ইসলাম (২১), মো. সোহেল (২২), মো. সিদ্দিক ওরফে কানাইয়া (৪০) এবং ইমরান সরোয়ার ইমন (২৫)। তারা সবাই কক্সবাজার সদরের বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, “ঘটনার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ছিনতাই চক্রের সদস্যদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *