সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, নির্বাহী আদেশে বুধবার এক দিনের সরকারি ছুটি থাকবে। এদিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
তবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, জরুরি সেবাসমূহ এই ছুটির আওতাবহির্ভূত থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সেবা, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক বিভাগ এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা।
একইভাবে হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের সঙ্গে যুক্ত যানবাহন ও কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো খোলা থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম এবং আদালতের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ সময় দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।