বিএনপির নির্বাচনী মহাসমাবেশকে কেন্দ্র করে আজ রোববার সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।
দীর্ঘ দুই দশক পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে আগমন করায় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। নির্ধারিত সময় বেলা সাড়ে ১১টায় তার ভাষণ দেওয়ার কথা থাকলেও সকাল থেকেই মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।
সকাল ৭টা থেকেই ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো পলোগ্রাউন্ড এলাকা। নগরীর কাজীর দেউড়ি, ইস্পাহানী, লাভলেইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীদের সমাবেশস্থলের দিকে যেতে দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার ও পার্বত্য তিন জেলা থেকে নেতাকর্মীরা দলীয় পতাকা ও ধানের শীষের প্রতিকৃতি হাতে নিয়ে সমাবেশে অংশ নিচ্ছেন।
ইস্পাহানী মোড় এলাকার বাসিন্দা মোখলেছুর রহমান (৬৩) বলেন,
“তারেক রহমানকে কখনো সরাসরি দেখার সুযোগ হয়নি। আজ সেই প্রত্যাশা নিয়েই ভোরে সমাবেশে চলে এসেছি।”
দলীয় সূত্র জানায়, এই মহাসমাবেশ থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য তিন জেলার সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনগণের সামনে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন তিনি।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন,
“এই মহাসমাবেশে ১৫ থেকে ২০ লাখ মানুষের উপস্থিতি হতে পারে বলে আমরা আশা করছি। শুধু নেতাকর্মী নয়, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।”
জনসভাকে কেন্দ্র করে নগরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন।
মহাসমাবেশে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। সঞ্চালনায় থাকবেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
দলীয় সূত্র আরও জানায়, সকাল ৯টায় হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত ‘দ্য প্ল্যান’ শিরোনামে ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারম্যান।
চট্টগ্রামের সমাবেশ শেষে সড়কপথে ঢাকায় ফেরার পথে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক নির্বাচনী পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।