দুপুরেই সিঙ্গাপুর নেওয়া হবে ওসমান হাদিকে

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে আজ সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। তাঁর সঙ্গে যাবেন বড় দুই ভাই ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক।

ইনকিলাব মঞ্চ সূত্র জানায়, ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ইতিমধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি জানান, এ মুহূর্তে কেবল ওসমান হাদির দুই ভাইয়ের যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।

হাসপাতাল থেকে স্থানান্তর প্রসঙ্গে আব্দুল্লাহ আল জাবের বলেন, এভারকেয়ার হাসপাতাল থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের অ্যাম্বুলেন্সে সড়কপথে তাঁকে বিমানবন্দরে নেওয়া হবে। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা করা হবে। দুপুরের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা।

এর আগে রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে এক জরুরি টেলিফোন বৈঠকে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদি অংশ নেন।

প্রেস উইং জানায়, গত দুই দিন ধরে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং পরিবারের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।

ওসমান হাদির চিকিৎসাসংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে বলে জানানো হয়েছে। তাঁর চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চাওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *