ফরিদপুরের বোয়ালমারীতে পাগলা ঘোড়ার তাণ্ডবে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার সকালে পৌর সদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোড়াটি যাকে সামনে পাচ্ছে তাকেই তেড়ে গিয়ে কামড়াচ্ছে বা লাথি মারছে। এর আগে গত দুই দিনে পৌর এলাকার আরও কয়েক স্থানে ঘোড়াটির আক্রমণে অন্তত ৮ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন গণমাধ্যমকর্মী কাজী হাসান ফিরোজ, আতাউর রহমান, মনিরা বেগমসহ কয়েকজন। সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা ধারণা করছেন, কোনো পাগলা কুকুরের কামড়ে ঘোড়াটির আচরণ অস্বাভাবিক হয়ে গেছে। এদিকে চিকিৎসক ডা. মোর্শেদ আলমও জানিয়েছেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং ঘোড়াটিকে নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নিতে হবে।
ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।