চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৮ থেকে ৯ রাউন্ড গুলি ছুড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিবগঞ্জের চাকপাড়া সীমান্তের বাগিচাপাড়া এলাকায় ১৮২ নম্বর মেইন পিলারের কাছে গুলি ছোড়ার ঘটনা ঘটে।
বিএসএফের শ্মশানী ক্যাম্পের সদস্যরা এ গুলি ছোড়ে বলে অভিযোগ উঠেছে। তবে তিন রাউন্ড গুলির শব্দের সত্যতা নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
এর আগে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তের নো ম্যানস ল্যান্ডে বাংলাদেশকে না জানিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার অভিযোগ উঠে বিএসএফের বিরুদ্ধে। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা চলছে।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ‘শুক্রবার রাত ২টার দিকে চাকপাড়া সীমান্তে তিন রাউন্ড গুলির শব্দ আমরা পেয়েছি। অবশ্য কারা এ গুলি করেছে তা আমরা নিশ্চিত নয়। বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। তাদের সঙ্গে আলোচনা ও তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।’