রাজধানীতে গত শুক্রবার (২১ নভেম্বর) আঘাত হানা ভূমিকম্প যদি আর ১০ সেকেন্ড স্থায়ী হতো, তবে ঢাকায় বড় ধরনের বিপর্যয় নেমে আসত বলে মন্তব্য করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
শনিবার সকালে পুরান ঢাকার কসাইটুলীতে রেলিং ধসে তিনজন নিহত হওয়ার স্থান পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
রাজউক চেয়ারম্যান বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা তৈরি এখন সবচেয়ে জরুরি কাজ। এরপর ঝুঁকিপূর্ণ ভবনের বিস্তারিত তালিকা প্রস্তুত করা হবে। তিনি জানান, সরকারি স্কুল, কলেজ ও হাসপাতালের ১৪২টি ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তবে বেসরকারি প্রতিষ্ঠানের ঝুঁকি নিরূপণ নিয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য রাজউকের হাতে নেই।
কসাইটুলীর ভবনের নকশা অনুমোদন ও প্রয়োজনীয় নথি মালিককে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সতর্ক করে তিনি বলেন, সাত দিনের মধ্যে নথি জমা না দিলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।