গাজীপুরের টঙ্গীতে অবৈধভাবে কারখানা খুলে খোলা তেল বোতলজাত করে বাজারে বিক্রির অভিযোগে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অপর একটি কারখানা সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার (১৩ আগস্ট) টঙ্গীতে এই অভিয়ান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুরের একটি দল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত টঙ্গী বাজারে অভিযান চালায়। এ সময় সেখানকার তিন ভাই সুপারমার্কেটে যমুনা সয়াবিন তেল কারখানা নামের একটি অবৈধ প্রতিষ্ঠানকে বাজারজাত করার উদ্দেশ্যে খোলা তেল বোতলজাত করতে দেখা যায়।
এ সময় প্রতিষ্ঠানের মালিক আবুল কালামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় একই কম্পানির শামীমের মালিকানাধীন আরেকটি ইউনিট সিলগালা করে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্বে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভিন বলেন, আমরা একটি কারখানা সিলগালা করে আরেকটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছি। অবৈধভাবে গড়ে ওঠা এ ধরনের কারখানার বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।