ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মহাসড়কের পাশ থেকে লাগেজভর্তি ৩২টি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এসব বোমা রাখা হয়েছিল। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকা থেকে পেট্রলবোমাগুলো উদ্ধার করা হয়।
এর আগে বুধবার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদিপ্রবাসী টিটু সরদারের বাড়ি থেকে বেশ কিছু ককটেল, পেট্রলবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করে পুলিশ। ওই সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
ভাঙ্গা থানার সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে নাশকতার প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় দুর্বৃত্তরা টের পেয়ে একটি কালো রঙের লাগেজ ফেলে পালিয়ে যায়। পরে সেটি উদ্ধার করে খুললে ভেতরে ৩২টি পেট্রলবোমা পাওয়া যায়। কাচের বোতলে পেট্রল ভরে এসব বোমা তৈরি করা হয়েছিল।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, “ঘटनাস্থলে কাউকে পাওয়া যায়নি, তবে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”