ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলিবর্ষণের ঘটনায় ব্যবহৃত অস্ত্রের একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব। বাহিনীর একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ঘটনার প্রধান সন্দেহভাজনদের একজনের আত্মীয়ের বাসার পাশের একটি স্থান থেকে ম্যাগাজিনটি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) র্যাবের একটি সূত্র জানায়, হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সালের বোনের বাসার সংলগ্ন এলাকা থেকে ম্যাগাজিনটি উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী এটিকে তদন্তের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে।
এদিকে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, হাদিকে গুলি করে পালিয়ে যাওয়া দুই সন্দেহভাজন ইতোমধ্যে দেশ ছেড়ে ভারতে চলে গেছে। সূত্রের তথ্য অনুযায়ী, সন্দেহভাজন ফয়সাল ও আলমগীর শুক্রবার (১২ ডিসেম্বর) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেলে করে সীমান্ত অতিক্রম করে ভারতে পালায়।
সূত্র জানায়, ঘটনার পর তারা রাজধানীর মিরপুর এলাকা থেকে প্রাইভেট কারে আশুলিয়া হয়ে গাজীপুর অতিক্রম করে ময়মনসিংহে পৌঁছায়। সেখানে গিয়ে ব্যবহৃত গাড়ি পরিবর্তন করে অন্য একটি প্রাইভেট কারে ওঠে। পরে ওই গাড়িতে করে হালুয়াঘাট উপজেলার ধারাবাজার এলাকার একটি পেট্রোল পাম্পে যায়। সেখান থেকে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় মোটরসাইকেলে করে তাদের সীমান্তে পৌঁছে দেওয়া হয়। সীমান্ত পার হওয়ার পর ভারতে আরেক ব্যক্তি তাদের গ্রহণ করে নেয়।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় পরে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
বর্তমানে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। অন্তর্বর্তী সরকার তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করছে।