ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শেষ দিনে শুরু হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ এ শুনানি শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত আপিল শুনানি চলবে।
আজ ৬১১ থেকে ৬৪৫ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি আগে থেকে পেন্ডিং থাকা আপিল আবেদনগুলোরও শুনানি গ্রহণ করা হবে।
এর আগে অষ্টম দিনে (শনিবার) মোট ১১২টি আপিল আবেদনের শুনানি হয়। এর মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর করা হয়। মঞ্জুর হওয়া আপিলের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৪৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২টি আবেদন ছিল।
এদিন কমিশন ৩৭টি আপিল আবেদন না-মঞ্জুর করে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২৪টি আবেদন রয়েছে। এছাড়া শুনানিকালে ৯টি আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়া হয় এবং ২ জন আপিলকারী অনুপস্থিত ছিলেন। কমিশন ১৯টি আপিল আবেদন অপেক্ষমাণ রেখেছে।
উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী আপিল নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। আগামী ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন।
নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত।