পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলের এজ্জা গ্রামের কাচা-আগাই সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীদের মতে, ট্যাঙ্কারটি সড়কের ক্ষতিগ্রস্ত অংশে উল্টে গেলে জ্বালানি ছড়িয়ে পড়ে। এরপর আশপাশের মানুষ তেল সংগ্রহ করতে গেলে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও বলেন, “বেশিরভাগ নিহত ব্যক্তি বিস্ফোরণের আগে ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করছিলেন।”
ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) স্থানীয় কমান্ডার হাজিয়া আইশাতু সাদু জানান, উদ্ধার অভিযান চলছে এবং দুর্ঘটনাস্থলে তীব্র যানজট তৈরি হয়েছে।
উল্লেখ্য, নাইজেরিয়ায় সড়কের বেহাল অবস্থা ও পুরোনো যানবাহনের কারণে প্রায়ই এমন জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ ও সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।