বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে কেক কাটা বা কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজন না করার নির্দেশনা দিয়েছে বিএনপি। তার পরিবর্তে সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ নির্দেশনা দেন।
তিনি জানান, আগামীকাল শুক্রবার (১৫ আগস্ট) খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিএনপির উদ্যোগে দেশব্যাপী দলীয় কার্যালয় ও স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহীদ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলনে ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করা হবে।
রুহুল কবির রিজভী বলেন, “আমাদের নেত্রীর জন্মদিন আমরা অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে পালন করি। তবে এই দিনটি জাতির জন্যও শোকাবহ। তাই কোনো উৎসব নয়, আমরা সাদামাটা ও ধর্মীয়ভাবে দিনটি পালন করব।”
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয়ভাবে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আগামীকাল সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটি সদস্য, কেন্দ্রীয় নেতা ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেবেন।